অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় তিনজন নিহত
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের লেক ইলাওয়ারা এলাকার শেলহারবার বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে ওলোনগং থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে।
লেক ইলাওয়ারা পুলিশ এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি হালকা বিমান বিধ্বস্ত হয়। বিমানটি রাজ্যের মধ্য পশ্চিমাঞ্চলীয় বাথার্স্টের উদ্দেশ্যে যাচ্ছিল।
দুর্ঘটনার পর রানওয়েতে পড়ে বিমানটিতে আগুন ধরে যায়। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল বাহিনীর পরিদর্শক অ্যান্ড্রু বারবার জানান, দুর্ঘটনার সময় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে প্রশিক্ষণ নিচ্ছিল এবং কয়েক মিনিটের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তবে জ্বালানি দাহ্য হওয়ায় বিমানের যাত্রীদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।