বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › নোবেলজয়ী মারিয়া মাচাদোর সঙ্গে কথা বললেন ট্রাম্প, বললেন ‘তিনি আমার সম্মানে পুরস্কার নিয়েছেন

নোবেলজয়ী মারিয়া মাচাদোর সঙ্গে কথা বললেন ট্রাম্প, বললেন ‘তিনি আমার সম্মানে পুরস্কার নিয়েছেন

favicon
অনলাইন সংস্করণ
নোবেলজয়ী মারিয়া মাচাদোর সঙ্গে কথা বললেন ট্রাম্প, বললেন ‘তিনি আমার সম্মানে পুরস্কার নিয়েছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে ফোনে কথা বলেছেন। যদিও তার প্রশাসন নোবেল কমিটির এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।


দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রকাশ্যে নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন। সম্প্রতি তার গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার পর কিছু বিশ্বনেতা তাকে পুরস্কারের উপযুক্ত বলে মন্তব্য করেন। তবে নোবেল কমিটির ওয়েবসাইট অনুযায়ী, প্রতি বছরের মনোনয়ন প্রক্রিয়া জানুয়ারির শেষেই শেষ হয়ে যায়।


নোবেল কমিটি শুক্রবার ঘোষণা করে, ২০২৫ সালের শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো—‘একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণের জন্য তার সংগ্রামের স্বীকৃতি হিসেবে।’


স্প্যানিশ দৈনিক এল পাইস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মাচাদো জানান, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি। পুরস্কার পাওয়ার পর দেওয়া এক বিবৃতিতেও তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শুক্রবার সন্ধ্যায় এক বক্তব্যে ট্রাম্প বলেন, “যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আজ ফোন করে বললেন, ‘আমি এটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আপনি প্রকৃতপক্ষে এই পুরস্কারের যোগ্য।’ তিনি খুব ভদ্র ছিলেন। আমি বলিনি, ‘তাহলে পুরস্কারটা আমাকে দিন,’ যদিও মনে হয়, চাইলে হয়তো দিতেন।”


ট্রাম্প আরও বলেন, “আমি তাকে অনেকভাবে সাহায্য করেছি। ভেনেজুয়েলায় এখন ভয়াবহ পরিস্থিতি চলছে, দেশটির অনেক সহায়তা দরকার। আর আপনি বলতে পারেন, পুরস্কারটি মূলত ২০২৪ সালের ঘটনাগুলোকেই ঘিরে দেওয়া হয়েছে, যখন আমি নির্বাচনে লড়ছিলাম।”


এদিকে, হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এক বিবৃতিতে নোবেল কমিটিকে সমালোচনা করে বলেন, “তারা আবারও দেখিয়েছে, শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেয়।”