বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় যুদ্ধবিরতি কার্যকর, উত্তর গাজায় ফিরছেন হাজারো ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর, উত্তর গাজায় ফিরছেন হাজারো ফিলিস্তিনি

favicon
অনলাইন সংস্করণ
গাজায় যুদ্ধবিরতি কার্যকর, উত্তর গাজায় ফিরছেন হাজারো ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুক্রবার থেকে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে আসতে শুরু করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ‘যুদ্ধের অবসান’ এবং বন্দি বিনিময় চুক্তি অনুমোদনের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। খবর মিডল ইস্ট আই-এর।


ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা (গ্রিনউইচ মান সময় সকাল ৯টা) থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়। প্রথম ধাপের চুক্তি অনুযায়ী তারা নির্ধারিত সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে।


হামাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে শুক্রবার সকালে ইসরায়েলি সরকার চুক্তিটি অনুমোদন দেয়, আর কয়েক ঘণ্টা আগে হামাসও জানায় যে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে।


বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা ‘কান’ মিশরে স্বাক্ষরিত চুক্তির একটি ফাঁস হওয়া কপি প্রকাশ করে। দলিল অনুযায়ী, ইসরায়েল অনুমোদন দেওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হবে।


চুক্তির প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে তিনি গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন। ট্রাম্প সপ্তাহান্তে মিশর সফরে গিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরবর্তীতে সোমবার ইসরায়েল সফর করবেন।


হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া নিশ্চিত করেছেন যে, ফিলিস্তিনি সংগঠনটি যুদ্ধের অবসানে সম্মতি দিয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীরা নিশ্চয়তা দিয়েছে যে এই চুক্তির অর্থ হবে ‘যুদ্ধের অনির্দিষ্টকালের জন্য সমাপ্তি।’


তবে যুদ্ধবিরতির দিন সকালে গাজা সিটি ও খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।