তাইওয়ানের ১৮ সেনা কর্মকর্তার তথ্য দিলে পুরস্কার ঘোষণা চীনের
চীন তাইওয়ানের ১৮ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে জড়িত থাকার’ অভিযোগে তাদের তথ্য প্রদানে পুরস্কার ঘোষণা করেছে।
শনিবার (১১ অক্টোবর) চীনের উপকূলীয় শহর জিয়ামেনের পুলিশ ঘোষণা দেয়— যারা এসব কর্মকর্তার অবস্থান বা গ্রেপ্তারে সহায়ক তথ্য দেবে, তাদের ১,৪০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যেই অভিযুক্ত কর্মকর্তাদের ছবি, নাম ও পরিচয় নম্বর প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য ওয়েবসাইট পরিচালনা করতেন, স্বাধীনতার পক্ষে বার্তা ছড়ানো অনলাইন গেম বানাতেন এবং বিচ্ছিন্নতামূলক ভিডিও কনটেন্ট তৈরি করতেন।
জিয়ামেনের জননিরাপত্তা ব্যুরো জানিয়েছে, এই কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
অন্যদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, “চীনা সরকারের এই পদক্ষেপ স্বৈরাচারী ও একগুঁয়ে চিন্তাধারার প্রতিফলন, যার লক্ষ্য জনগণকে বিভক্ত করা ও মানসিক যুদ্ধ চালানো।”
এই ঘোষণা আসে ঠিক একদিন পর, যখন তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং দ্বীপের প্রতিরক্ষা জোরদারে বিমান সুরক্ষা ব্যবস্থা ও সামরিক ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন প্রেসিডেন্ট লাইকেকে “সমস্যা সৃষ্টিকারী, বিপদের কারণ ও যুদ্ধ উস্কানিদাতা” বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর অভিযোগ করেছে, লাই সহিংসতা ও বিদেশি সমর্থন নিয়ে বিচ্ছিন্নতাবাদকে ত্বরান্বিত করতে চাইছেন।
তাইওয়ানের তীব্র প্রতিবাদ সত্ত্বেও বেইজিং এখনো দ্বীপটির ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করছে এবং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা