রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়‘শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে’:স্বরাষ্ট্রমন্ত্রী

‘শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে’:স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে’:স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলগত বিচারের কার্যক্রম শিগগিরই শুরু হবে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে দলটির বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।


শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় বিভিন্ন পর্যায়ের সমন্বয় ও রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে আন্দোলনকে সফল পরিণতির দিকে নেওয়া সম্ভব হয়েছিল। তিনি এ সময় আন্দোলনের সময়কার নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।


দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। সরকারের পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।


এ ছাড়া তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় এবং এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।


‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।