রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশখুলনা কারাগারের দেয়াল টপকে পালালেন এক আসামি

খুলনা কারাগারের দেয়াল টপকে পালালেন এক আসামি

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনা কারাগারের দেয়াল টপকে পালালেন এক আসামি

খুলনা জেলা কারাগার-২ থেকে ইমন মাঝি নামে এক আসামি দেয়াল টপকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কারাগারের তত্ত্বাবধায়ক আবু ছায়েম। তিনি জানান, ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।


কারাগার সূত্রে জানা গেছে, ইমন মাঝি খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি একটি চুরি মামলার আসামি হিসেবে চলতি বছরের ১৩ জুন থেকে কারাগারে বন্দি ছিলেন।


বৃহস্পতিবার বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে তিনি পুরোনো জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক দিয়ে পালিয়ে যান। পুরো ঘটনাটি কারাগারের নজরদারি চিত্রে ধরা পড়ে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কারাগারে সতর্ক সংকেত বাজানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।


কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


কারাগারের তত্ত্বাবধায়ক আবু ছায়েম বলেন, কোনো ধরনের বাহ্যিক সহায়তা ছাড়াই ইমন মাঝি দেয়াল টপকে পালিয়ে গেছেন। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।