১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও পাঁচ দিন ভারি বর্ষণের পূর্বাভাস
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা গত ১৭ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৯ সালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। বর্ষা মৌসুমে এমন বৃষ্টিপাত স্বাভাবিক হলেও আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার এবং ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১৩ জুলাইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৪ জুলাই রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। ১৫ ও ১৬ জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময়ও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
এদিকে টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রাঙ্গামাটিতে ৩ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন এবং মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এছাড়া বিভিন্ন জেলায় আহত হয়েছেন ৩৯ জন।