শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বতামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের

favicon
ভোরের আলো ডেস্ক:
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ অন্যান্য সময়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এ আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের আগের নির্দেশনায় সংশোধনের প্রয়োজন ছিল।


তামিলনাড়ু সরকার মাদ্রাজ হাইকোর্টের গত ২৭ মে দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন (এসএলপি) দায়ের করলে তার পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।


রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়, বিদ্যমান আইন নির্দিষ্ট শর্ত ও নির্ধারিত স্থানে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু জবাইয়ের অনুমতি দেয়। তাই সেই আইনের পরিপন্থী কোনো বিচারিক নির্দেশ কার্যকর রাখা সমীচীন নয়।


এর আগে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশের ভিত্তিতে রাজ্যজুড়ে গরু জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। আদালত সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে গরু, বাছুর ও অন্যান্য দুগ্ধজাত গবাদিপশু সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছিলেন।


অন্যদিকে, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা যুক্তি দেন, কোরবানি ঈদের মতো বড় ধর্মীয় উৎসবে শুধু লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় পশু জবাইয়ের শর্ত বাস্তবসম্মত নয়। কারণ উৎসবের সময় বিপুল সংখ্যক পশু জবাইয়ের প্রয়োজন হলেও অনুমোদিত কসাইখানাগুলোর সক্ষমতা সে চাহিদা পূরণে যথেষ্ট নয়।


তামিলনাড়ু সরকারও আদালতকে জানায়, রাজ্যের ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন’ এবং অন্যান্য বিদ্যমান বিধিমালায় পশু জবাইয়ের স্থান ও শর্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হলেও, সেগুলো কোনো ধরনের পূর্ণাঙ্গ বা সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করে না।


ভারতের সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে আপাতত মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না। মামলার পরবর্তী শুনানিতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে।