বন্যাদুর্গতদের সহায়তায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ
সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সারা দেশে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাত জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ টন চাল।
সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত এসব বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৬৫ লাখ টাকা ও ১ হাজার ২০০ টন চাল, কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৪৫০ টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ টন চাল, রাঙামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ টন চাল, বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ টন চাল, মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ টন চাল এবং হবিগঞ্জে ৫ লাখ টাকা ও ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের বাকি ৫৭ জেলার প্রতিটিতে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা এবং ১০০ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে দ্রুত ত্রাণ বিতরণ করা যায়।