বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (১৩ জুলাই) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, রাজধানীর বিদ্যুৎ ভবনের ১৪ তলায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষটি সরকারি ছুটিসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। জরুরি প্রয়োজন দেখা দিলে নির্ধারিত সময়ের পরও মোবাইল ফোনের মাধ্যমে সেবা অব্যাহত থাকবে।
আগামী ৩১ জুলাই পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য ১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্টের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে এবং বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।
এ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে অপারগ হলে নিজ উদ্যোগে অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।