শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়একদলীয় শাসন প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

একদলীয় শাসন প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
একদলীয় শাসন প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা চলছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি সংবিধান অনুযায়ী সমগ্র বাংলাদেশ; তাদের জন্য কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা নির্ধারিত নেই।


সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেনের উত্থাপিত এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ কথা বলেন।


আখতার হোসেন অভিযোগ করেন, সরকারি দলের এক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দুটি সাধারণ সংসদীয় আসনকে নিজের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি প্রশ্ন তোলেন, শুধু বিরোধী দলের প্রতিনিধিত্বকারী আসনগুলোতে এ ধরনের দায়িত্ব দেওয়ার মাধ্যমে ভিন্ন ধরনের একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে কি না।


জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে পয়েন্ট অব অর্ডারের আওতায় না পড়লেও বিভ্রান্তি দূর করতে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তিনি সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, সাধারণ আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তারা পুরো দেশের প্রতিনিধিত্ব করেন এবং কোনো নির্দিষ্ট এলাকার প্রতিনিধি নন।


তিনি আরও বলেন, আইন ও বিধি অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া বরাদ্দ দেশের যেকোনো এলাকায় ব্যয় করতে পারেন। তাই কোনো নির্দিষ্ট এলাকা বা ‘অতিরিক্ত দায়িত্ব’ সংক্রান্ত ব্যাখ্যার সাংবিধানিক ভিত্তি নেই।