মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে বাতিল হতে পারে আবেদন
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেল সঠিকভাবে উল্লেখ করতে হবে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। পাশাপাশি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।
বার্তায় আরও বলা হয়, আবেদনকারীরা ফরমে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেই আবেদন জমা দেন। তাই ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।