শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমসারা দেশ৮ দিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

৮ দিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

favicon
ভোরের আলো ডেস্ক:
৮ দিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

টানা আট দিন বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


জেলা প্রশাসন জানায়, সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ৭ জুলাই সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত নতুন আদেশে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।


নতুন নির্দেশনা অনুযায়ী, সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকরা পুনরায় ভ্রমণ করতে পারবেন।


তবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ষা ও দুর্যোগকালীন সময়ে পাহাড়ি সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি রাস্তাঘাট ও পাহাড়ের পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সময়ে সময়ে জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে গত কয়েকদিন সাজেকের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় পর্যটন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছিল। এতে রিসোর্ট, হোটেল, মোটেল, রেস্তোরাঁ এবং জিপ (চাঁদের গাড়ি) চালকসহ পর্যটননির্ভর ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।


পর্যটনকেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। রিসোর্ট-কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, গত আট দিন ব্যবসা বন্ধ থাকায় তারা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বর্ষাকালে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আবারও বিপুল সংখ্যক পর্যটক সেখানে ভিড় করবেন এবং পর্যটন খাত দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।