শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসে সংরক্ষণের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসে সংরক্ষণের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসে সংরক্ষণের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।


ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি ইতিহাসের পাতায় তুলে ধরার দায়িত্ব সরকারের। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, জুলাই অধিদপ্তরের উদ্যোগে শহীদ, আহত ও পঙ্গু ব্যক্তিদের প্রোফাইল এবং তথ্য সংরক্ষণের যে কার্যক্রম চলছে, তা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পায়।


বিরোধীদলীয় নেতা বলেন, *“সরকারি দল থেকেও বলছি, জুলাই আমাদের; বিরোধী দল থেকেও বলছি, জুলাই আমাদের। তাই জুলাই যেন সত্যিকার অর্থেই সবার হয়ে ওঠে, সেটিই আমরা দেখতে চাই।”*


এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের সিদ্ধান্ত দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। পাশাপাশি জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়ে সরকারের ঘোষণাকেও স্বাগত জানান তিনি।


ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং সংশ্লিষ্ট দলিলপত্র সংরক্ষণের মাধ্যমে দেশের ইতিহাস আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সেসব থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।