শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বদক্ষিণ মেক্সিকোয় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

দক্ষিণ মেক্সিকোয় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ মেক্সিকোয় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

দক্ষিণ মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর আকিলেস সেরদান শহরের উপকূল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে। ভূপৃষ্ঠের প্রায় ১৮ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মেক্সিকোর চিয়াপাস ও ওহাকা অঙ্গরাজ্যের পাশাপাশি প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। কম্পনের পর আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ও বহুতল ভবন ছেড়ে দ্রুত খোলা স্থানে আশ্রয় নেন।


ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামির সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করে।


চিয়াপাস অঙ্গরাজ্যের রাজধানী তুক্সটলা গুতিয়েরেজে ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বহুতল ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের দ্রুত ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান নিতে দেখা যায়।


মেক্সিকোর নৌবাহিনীর সচিব রাইমুন্ডো মোরালেস জানিয়েছেন, এখন পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সৈকত ও নিম্নাঞ্চল থেকে দূরে থাকার এবং সম্ভাব্য সুনামি ও পরবর্তী আফটারশক সম্পর্কে সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।


সূত্র: গালফ নিউজ