বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমবিশ্বইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম *নিউইয়র্ক পোস্ট*।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর ট্রাম্প মনে করছেন, ইনফান্তিনোর নেতৃত্বের সক্ষমতা এবং বিশ্বব্যাপী মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার দক্ষতা জাতিসংঘের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের বিশ্বাস, ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির অসাধারণ সক্ষমতা তার রয়েছে।


২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিকালেই ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত বছর ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ প্রদান করেন। এরপর থেকে দুজনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


তবে জিয়ান্নি ইনফান্তিনো নিজে জাতিসংঘের মহাসচিব পদে আগ্রহী কিনা, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া জাতিসংঘের মহাসচিব হওয়ার প্রক্রিয়াও বেশ জটিল। এ পদে মনোনয়নের জন্য প্রথমে জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন হয়, যেখানে পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ ভেটো দিতে পারে। এরপর সাধারণ পরিষদের অনুমোদন পেলেই কেবল মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করা সম্ভব।


বর্তমানে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর বার্ষিক আয় প্রায় ৬০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে জাতিসংঘের মহাসচিবের বার্ষিক বেতন প্রায় ৪ লাখ ১৮ হাজার ডলার। ফলে এ দায়িত্ব গ্রহণ করলে তাকে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সুবিধা ছাড়তে হতে পারে।


উল্লেখ্য, বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। তার উত্তরসূরি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।