রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন প্রজন্মকে দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নতুন প্রজন্ম বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করলে সেটিই হবে বাংলাদেশের গর্ব ও অর্জন।


সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারো, তাহলে দেশও এগিয়ে যাবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে। তাই নিজেকে কখনো ছোট মনে না করে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।”


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল মাঠে বসে উপভোগ করেন। পরে তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের পরিবেশিত নৃত্যানুষ্ঠানও উপভোগ করেন।


উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে জাতীয় পর্বের প্রতিযোগিতা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।


সমাপনী দিনে বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সিলেট। অন্যদিকে বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রংপুর।