শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বনাহিদ রানাকে না পাওয়া বড় ধাক্কা, তবে এটিকে ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’ বললেন হাবিবুল বাশার

নাহিদ রানাকে না পাওয়া বড় ধাক্কা, তবে এটিকে ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’ বললেন হাবিবুল বাশার

favicon
ভোরের আলো ডেস্ক:
নাহিদ রানাকে না পাওয়া বড় ধাক্কা, তবে এটিকে ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’ বললেন হাবিবুল বাশার

জিম্বাবুয়ে সফরে একাধিক ক্রিকেটারের চোটকে নিছক দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে দেখছেন বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতিতারকা নাহিদ রানার চোট শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটের জন্যও একটি বড় ক্ষতি।


চিকিৎসার জন্য সোমবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে নাহিদ রানা ও তাসকিন আহমেদের। সেখানে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।


হাবিবুল বাশার বলেন, বাংলাদেশের টেস্ট দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে এবং অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে সবার মধ্যেই ব্যাপক প্রত্যাশা ছিল। তবে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের চোট পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলেছে। দল নির্বাচনের আগে তারা অপেক্ষা করেছিলেন, যদি অন্তত কেউ একটি টেস্টের জন্যও ফিট হয়ে ওঠেন। শেষ পর্যন্ত ফিট ক্রিকেটারদের নিয়েই সম্ভাব্য সেরা দল গঠন করা হয়েছে।


দল নির্বাচনের ব্যাখ্যায় তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাকের আলী আবারও নিজেকে প্রমাণ করেছেন। মাহিদুলকে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে পরিকল্পনায় রাখা হয়েছে। সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিবেচনায় রেখে খেলোয়াড়দের প্রস্তুত রাখাই দলের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।


হাবিবুল বাশার আরও বলেন, বর্তমান দলে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি হওয়ায় একজন অভিজ্ঞ ডানহাতি ওপেনারের প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকায় সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।


নাহিদ রানার চোট প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি পেসারের ওয়ার্কলোড নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। জিম্বাবুয়ে সফরে তাকে খেলানোর প্রয়োজন ছিল এবং সেই সিদ্ধান্ত যথাযথ ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি চোটে পড়েছেন, যা অনুশীলন বা অন্য যেকোনো সময়ও ঘটতে পারত।


তিনি বলেন, পেস বোলারদের ক্ষেত্রে ইনজুরির ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয়, কেবল তা কমিয়ে রাখা যায়। নাহিদের মতো গতির বোলার বিশ্ব ক্রিকেটে খুবই বিরল। তাই তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। তবে অস্ট্রেলিয়াও যেমন প্যাট কামিন্সকে ছাড়া খেলেছে, তেমনি বাংলাদেশকেও নাহিদকে ছাড়াই মাঠে নামতে হবে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনকে নিয়ে সেরাটা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান নির্বাচক।