মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

favicon
ভোরের আলো ডেস্ক:
বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি প্রদর্শনীর ব্যানারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক চত্বরে শুরু হওয়া এ উত্তেজনা গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলতে থাকে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনী’ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করে। প্রদর্শনীতে টানানো একটি ব্যানারে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের কয়েকজন নেতার মৃত্যুদণ্ডকে ‘জুডিশিয়াল কিলিং’ হিসেবে উল্লেখ করা হয়।


এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যানার অপসারণের দাবি জানান। অভিযোগ অনুযায়ী, শিবির ব্যানার সরাতে অস্বীকৃতি জানালে ছাত্রদলের কিছু নেতাকর্মী সেটি ছিঁড়ে ফেলেন। এরপর দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম শওকত আলী, প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান এবং ছাত্র উপদেষ্টারা ঘটনাস্থলে উপস্থিত হন। রাত ১০টা ১৫ মিনিটে উপাচার্যের কার্যালয়ে দুই ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।


বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর, রাত সাড়ে ১০টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।