শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়: ড. মুহাম্মদ ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানকে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের ৩৬ দিনের আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার শক্তির প্রতীক।


বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


ড. ইউনূস আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন। সংকটময় পরিস্থিতিতে চিকিৎসকেরা আহতদের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।