এক রাতেই দ্বিগুণ কানাডার দাবানল, জরুরি অবস্থা জারি
এক রাতের ব্যবধানে দ্বিগুণের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে কানাডার পশ্চিমাঞ্চলের ভয়াবহ দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
শনিবার (৮ আগস্ট) দাবানল ছড়িয়ে পড়ে ৯ হাজার হেক্টরেরও বেশি এলাকায়। ভয়াবহ আগুনের কারণে ব্রিটিশ কলাম্বিয়ার ২০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি হাইওয়েও।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এ সময় পুরো প্রদেশে ১০০টিরও বেশি দাবানল সক্রিয় ছিল। তীব্র গরম, প্রবল বাতাস ও দীর্ঘস্থায়ী খরার কারণে এর প্রায় অর্ধেক আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
প্রায় ১২ হাজার মানুষের বসবাসের সামারল্যান্ডের পুরো এলাকাকে শুক্রবার রাতে খালি করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পাশের পিচল্যান্ড ও আশপাশের এলাকায় বসবাসকারী প্রায় ৮ হাজার মানুষকেও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তবে দাবানলে এখন পর্যন্ত ঠিক কতটি বাড়ি বা স্থাপনা ধ্বংস হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
প্রিমিয়ার ডেভিড ইবি জানান, দাবানলের কারণে কয়েকজন বাসিন্দা বিভিন্ন এলাকায় আটকা পড়েছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। ফায়ার লাইনের পেছনের এলাকাগুলোতেও অনুসন্ধান ও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে, যাতে সেখানে কেউ আটকা পড়ে থাকলে তাকে দ্রুত উদ্ধার করা যায়।
ইবি বলেন, অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আবার কেউ কেউ এখনো প্রিয়জনদের খবরের অপেক্ষায় রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় প্রথমবার বাল্ড রেঞ্জ এলাকায় দাবানলের খবর পাওয়া যায়। এরপর অত্যন্ত দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। ছোট্ট ফাউল্ডার সম্প্রদায়টি আগুনের কবলে পড়ার পর মাত্র ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে দাবানল দ্রুত সামারল্যান্ডের দিকে এগিয়ে যায়।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।