মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › নড়াইলে নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

নড়াইলে নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

favicon
ভোরের আলো ডেস্ক:
নড়াইলে নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত হয়েছে।


সোমবার (১০ আগস্ট) শহরের মাছিমদিয়া এলাকায় অবস্থিত এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা এবং জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।


জন্মবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় কোরআন খতম, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, শিশুকিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।


অন্যদিকে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুলতান পদক প্রদান। অনুষ্ঠানে চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের হাতে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।


জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ প্রশাসন ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।


এস এম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। তিনি ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিল্পকর্মে কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, শক্তি ও সৌন্দর্য বিশেষভাবে ফুটে উঠেছে। এ কারণে তিনি ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।


১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি শিল্পী। পরে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে তাকে সমাহিত করা হয়।


শিল্পীর স্মৃতি সংরক্ষণ ও তার শিল্পকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার নিজ বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।