গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতিতে গ্রামীণ মানুষের জীবনযাত্রার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ কারণেই সরকার অনেক উন্নয়ন প্রকল্প থেকে সরে এসেছে।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল কনফারেন্স অন ফাইভ ইয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড এসডিজি’র সমাপনী অনুষ্ঠানে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গ্রামীণ কারিগরদের তৈরি শীতলপাটি, মৃৎশিল্প, তাঁত, কামার-কুমারের পণ্য ও রুপার গয়নাসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। এসব পণ্যকে আলিবাবা, অ্যামাজন ও ইবের মতো আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির উপযোগী করতে উন্নত কাঁচামাল, নকশা, ব্র্যান্ডিং ও বিপণন সহায়তা দেওয়ার কথা জানান তিনি।
আমির খসরু বলেন, শুধু কারিগরদের আর্থিক সহায়তা দিলেই হবে না; তাদের পণ্যের মান ও বাজারমূল্য বাড়ানোর ব্যবস্থা করতে হবে। প্রজন্মের পর প্রজন্ম একই কাজ করলেও অনেক গ্রামীণ কারিগর তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলেও উল্লেখ করেন তিনি।
থাইল্যান্ডের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগের উদাহরণ তুলে ধরে বাংলাদেশেও একই ধরনের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। এ উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থাগুলোকে সম্পৃক্ত করার কথাও বলেন তিনি।
এ ছাড়া সৃজনশীল অর্থনীতির আওতায় থিয়েটার, সংগীত ও খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন আমির খসরু। এসব খাতকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।