মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
ভারতের মুম্বাই নগরীর পূর্বাংশে ভয়াবহ ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৮ মিনিটে চেরাগ নগরের ঘাটকোপার এলাকার গাউশিয়াচলে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) দমকল বাহিনী।
টানা বৃষ্টির কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে অন্তত তিনটি ঝুপড়ি ঘর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। প্রাথমিকভাবে চার থেকে পাঁচজন আটকা থাকার কথা জানানো হলেও পরে কর্তৃপক্ষের আশঙ্কা, পাঁচ থেকে ছয়জন ধ্বংসাবশেষের নিচে থাকতে পারেন।
ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মুম্বাই দমকল বাহিনী, পুলিশ এবং ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।