সাগরে লঘুচাপ, ৫ দিন দেশজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টির শঙ্কা
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবারও একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি বিভাগে এবং রোববার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রংপুরে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।
এ সময়ে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।