মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন জানালেন আসিফ নজরুল
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য ‘সবদিক দিয়ে যোগ্য’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।
আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
রাষ্ট্রপতি পদে অতীতে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অনুপযুক্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন। তার মতে, বহু বছর পর এই পদে একজন যোগ্য ব্যক্তিকে পাওয়া যাচ্ছে।
মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।
পোস্টে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান আসিফ নজরুল। তিনি বলেন, স্পিকারের পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।