শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়শিক্ষকদের প্রাপ্য অর্থ অনলাইনে ভোগান্তি ছাড়াই পৌঁছে যাবে: প্রধানমন্ত্রী

শিক্ষকদের প্রাপ্য অর্থ অনলাইনে ভোগান্তি ছাড়াই পৌঁছে যাবে: প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
শিক্ষকদের প্রাপ্য অর্থ অনলাইনে ভোগান্তি ছাড়াই পৌঁছে যাবে: প্রধানমন্ত্রী

আগামী দিনগুলোতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ে অনলাইনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের ব্যাংক হিসাবে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ততদিন শিক্ষকদের প্রাপ্য অর্থ পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। একই সঙ্গে কোনো ধরনের হয়রানি বা মধ্যস্বত্বভোগীর বিড়ম্বনাও পোহাতে হবে না।


অনুষ্ঠানে একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে বকেয়া অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া শিক্ষা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের বিষয়ে সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ ও ভূমিকা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে।


তিনি বলেন, শিক্ষা বিস্তারে খালেদা জিয়ার চালু করা শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ বিভিন্ন দেশে মডেল হিসেবে অনুসরণ করা হচ্ছে।


প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী সরকার ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থে গঠিত অবসর ও কল্যাণ ট্রাস্টের তহবিলও সেই লুটপাট থেকে রেহাই পায়নি।


তিনি আরও বলেন, জাল ইনডেক্স তৈরি, অনিয়মের সুযোগ সৃষ্টি, শিক্ষকদের কল্যাণ তহবিলের অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংসের মাধ্যমে তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার এসব সমস্যা কাটিয়ে শিক্ষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।