বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু
যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে প্রয়োজনীয় মেরামত শেষে শনিবার সকালে ইউনিটটি সচল করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ইউনিটও বর্তমানে সচল আছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ দিয়েই জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত রয়েছে।