শ্রীপুরে জামাতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, শ্বশুরসহ আটক ৫
গাজীপুরের শ্রীপুরে কিস্তির ১৪ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে রুহুল আমীন (৩৮) নামে এক সিএনজিচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার বরমী গ্রামের কোমার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঘটনাস্থল থেকে রুহুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুহুল আমীন ওই গ্রামের মো. আতাহারের ছেলে। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন—নিহতের স্ত্রী হালিমা খাতুন, শ্বশুর রফিক ফকির, মেয়ে রিমা, শ্যালক শাজাহান ফকির ও চাচা শ্বশুর তাজ উদ্দিন।
নিহতের স্বজনদের অভিযোগ, কিস্তির ১৪ হাজার টাকা নিয়ে শুক্রবার রাতে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রুহুলের বিরোধ হয়। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ির পাশে ফেলে রাখা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তারা।
তবে নিহতের শ্বশুর রফিক ফকির দাবি করেন, শুক্রবার রাত ৮টার দিকে রুহুল সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। সকালে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
নিহতের স্ত্রী হালিমা ও মেয়ে রিমাও জানান, রাত ৮টার দিকে রুহুল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সকালে বাড়ির পাশে তার মরদেহ দেখতে পান তারা।
শ্রীপুর থানার উপপরিদর্শক আবুল বাসার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুহুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহীনূর আলম জানান, স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।