রূপসায় যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা, আতঙ্কে এলাকাবাসী
খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার দুর্জনি মহল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
পুলিশ জানায়, রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন জয় ঢালী। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক সেখানে আসে। তারা জয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। একপর্যায়ে তাকে কুপিয়ে ও গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
হামলার পর ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোনো মামলা দায়েরের খবরও পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার রাতে একই উপজেলার কিসমত খুলনা গ্রামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
স্বল্প সময়ের ব্যবধানে একই উপজেলায় পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।