রাশিয়ার বিরুদ্ধে আরও বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউর
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধ শুরুর পর এবার সবচেয়ে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস।
সোমবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। খবর এএফপির।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কোর বিরুদ্ধে ২১ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। এবার শরৎকালে নতুন করে আরও কঠোর ও বিস্তৃত নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন কাল্লাস।
ডি ভেল্টকে কাল্লাস বলেন, শরৎকালের জন্য তিনি যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় নিষেধাজ্ঞার তালিকা প্রস্তাব করছেন। প্রস্তাবটি অনুমোদিত হলে ইইউর নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে যাবে।
রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের সময় ইইউর সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছিল। কয়েকটি দেশ কঠোর কিছু পদক্ষেপের বিরোধিতা করায় কয়েক সপ্তাহের আলোচনার পর তুলনামূলকভাবে শিথিল প্যাকেজ চূড়ান্ত করা হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই আরও কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানালেন কাল্লাস।
ইইউর নিষেধাজ্ঞার প্রভাব তুলে ধরে কাল্লাস দাবি করেন, এসব পদক্ষেপের কারণে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতায় এখন পর্যন্ত ১ ট্রিলিয়ন ইউরোর বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার প্রায় ৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান ইইউর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। নতুন প্রস্তাব অনুমোদিত হলে এই তালিকায় আরও বিপুলসংখ্যক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা যুক্ত হবে।