ডেমরায় দুই বোমাসদৃশ বস্তুসহ কারাগার থেকে পালানো জুয়েল গ্রেপ্তার
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জুয়েল ভূঁইয়া ওরফে ‘ওস্তাদকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি নব্য জেএমবির সদস্য এবং আলোচিত বোমা তৈরির কারিগর নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরার সারুলিয়ার পশ্চিম নিঝুমবাগ এলাকায় পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জুয়েলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে তার পরিচয় ও অতীত কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, জুয়েল আগে হিজবুত তাহরীরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে কারাগারে থাকা অবস্থায় বোমারু মামুনের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। জামিনে মুক্ত হওয়ার পর তারা একসঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হন বলে দাবি পুলিশের।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরও একজন সন্দেহভাজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, জুয়েল নব্য জেএমবির সদস্য এবং বোমারু মামুনের সহযোগী। ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান তিনি। পরে ২৫ জুলাই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এরপর ওই বছরের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান জুয়েল।
তার বিরুদ্ধে আগের মামলাগুলো ও নতুন করে পাওয়া বোমাসদৃশ বস্তু নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।