সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশজ্বালানি সংকট কাটাতে তিন মেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে তিন মেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সংকট কাটাতে তিন মেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।


সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের সরকারের সময় জ্বালানি খাতে একটি সংকট তৈরি হয়েছিল। এর নেতিবাচক প্রভাব এখন দেশের মানুষকে মোকাবিলা করতে হচ্ছে। সংকট উত্তরণে সরকার প্রতিদিন কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, জ্বালানি সমস্যার সমাধান হবে বলে সরকার আশাবাদী। তবে এটি রাতারাতি সমাধান করা সম্ভব নয়; পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে।


মোংলা বন্দর উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি জানান, বন্দর এলাকায় একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় ৮৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


তিনি আরও জানান, ড্রেজিংয়ের মাধ্যমে মোংলা বন্দর চ্যানেলের নাব্যতা সবসময় ১২ মিটার রাখার পরিকল্পনা রয়েছে।


এর আগে দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী।