সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

গাজায় যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও প্রাণঘাতী হামলার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, সরাসরি হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত।


রোববার (১৬ আগস্ট) প্রকাশিত একটি পডকাস্টে তিনি এসব মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা। গাজায় যুদ্ধের সময় আটক থাকা সাবেক ইসরায়েলি নাগরিক রোম ব্রাসলাভস্কির সঙ্গে ওই আলোচনায় অংশ নেন বেন-গভির।


আলোচনায় গাজার বাসিন্দাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন ইসরায়েলি এই মন্ত্রী। তিনি দাবি করেন, গাজায় এমন মানুষ রয়েছেন, যারা বেঁচে থাকার যোগ্য নন। একই সঙ্গে সরাসরি হুমকি না হলেও তাদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড পুনরায় শুরু করার পক্ষে মত দেন তিনি।


বর্তমান যুদ্ধবিরতির আওতায় গাজায় সামরিক হামলা কমিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তেরও বিরোধিতা করেন বেন-গভির।


তবে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর তার সরাসরি কোনো আনুষ্ঠানিক কর্তৃত্ব নেই। তিনি দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে যুদ্ধ ও নিরাপত্তা নীতি নির্ধারণে ভূমিকা রাখেন।


এদিকে আলোচনায় ব্রাসলাভস্কি ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে নিজে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে বেন-গভির বলেন, তার এই ইচ্ছা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।


গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সেখান থেকে চলে যাওয়ার আহ্বানও জানান বেন-গভির। পাশাপাশি গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, গাজার পুরো ভূখণ্ডকেই তিনি ইসরায়েলের অংশ হিসেবে দেখেন।


আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিকল্পিত বা জোরপূর্বক বিপুলসংখ্যক মানুষকে তাদের বসতভিটা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।


বেন-গভিরের এসব মন্তব্য তার দীর্ঘদিনের কট্টরপন্থি রাজনৈতিক অবস্থানেরই ধারাবাহিকতা বলে উল্লেখ করেছে আল জাজিরা। তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে এবং কয়েকটি দেশ ও জোট তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।