মিয়ানমারের বিবৃতিকে ‘বিভ্রান্তিকর’ বলল রোহিঙ্গাদের সংগঠন ইউসিআর
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতিকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)।
সোমবার (১৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি রোহিঙ্গাদের জাতিগত পরিচয়, ২০১৭ সালের সহিংসতা, বাস্তুচ্যুতি এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে মিয়ানমারের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে।
ইউসিআরের দাবি, মিয়ানমারের বিবৃতিটি ইতিহাস বিকৃত করা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত অপরাধ আড়াল করা এবং জবাবদিহির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান এড়িয়ে যাওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা।
সংগঠনটি আরও দাবি করেছে, রোহিঙ্গারা রাখাইন রাজ্যের একটি আদিবাসী জনগোষ্ঠী এবং ওই অঞ্চলে তাদের দীর্ঘদিনের ইতিহাস ও সাংস্কৃতিক শিকড় রয়েছে। ইউসিআরের ভাষ্য, রোহিঙ্গাদের জাতিগত পরিচয় অস্বীকার করাই তাদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের অন্যতম প্রধান কারণ।