হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে জুনে স্বাক্ষরিত কাঠামো চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাঠামো চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত সমঝোতার কাছাকাছি পৌঁছেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান আলোচনা করতে আগ্রহী হলেও প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিতে প্রস্তুত নয়।
ট্রাম্পের ভাষ্য, ইরান একটি চুক্তি করতে চায়। তবে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায়, তাতে ইরান সম্মত হবে না।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং দেশটিকে কোনো পারমাণবিক অস্ত্র রাখার অনুমতিও দেওয়া হবে না।