যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী পারমাণবিক চুক্তিতে সম্মত না হওয়ায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ পুরোপুরি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।
সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিকে প্রয়োজনীয় মনে করছে, ইরান তাতে সম্মত হতে চাইছে না। তবে ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
ইরানের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি ‘না’ বলেন।
চলতি বছরের জুনে সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা হয়েছিল। ৬০ দিনের ওই চুক্তির মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হয়। তবে জুলাইয়ের শুরুতেই ট্রাম্প চুক্তিটিকে ‘বাতিল’ ঘোষণা করেন। এর পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও চুক্তিটি ‘স্থগিত’ ঘোষণা করে।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা তোলার আহ্বান জানিয়েছিলেন।
এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়েও মধ্যস্থতাকারী দেশ ওমানকে নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়ে আসছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ওমান ও ইরান জাহাজ চলাচল পুনরায় চালুর চেষ্টা করছে।