তারেক রহমানের ভারত সফর নিয়ে ইতিবাচক তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে আসা তথ্য নিয়েও কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, ওই তথ্যের ভিত্তি ও সংশ্লিষ্ট উপাত্ত সম্পর্কে জাতিসংঘের কাছে জানতে চাইবে বাংলাদেশ।
তার দাবি, বর্তমানে এ ধরনের কোনো তথ্য বাংলাদেশের কাছে নেই। প্রতিবেদনটির তথ্য-উপাত্তের ভিত্তি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাওয়া হবে। এ ধরনের তথ্য আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ। বিষয়টি ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।
তিনি বলেন, নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে মিয়ানমারের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।