বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশপরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

favicon
ভোরের আলো ডেস্ক:
পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

ফরিদপুরের বোয়ালমারীতে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট ওয়ার্ডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত মো. ইনামুল মোল্যা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, কুশাডাঙ্গা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকে ইনামুল আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি।


ইনামুল কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। তিনি বোয়ালমারীর বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবেও কাজ করেন।


অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্যার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।


ইনামুলের কর্মস্থলের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে তাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগ করেন। ইনামুল ওই প্রতিষ্ঠানে চাকরি করায় বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। তবে এর আগে এ বিষয়ে তার কোনো ধারণা ছিল না বলে জানান ম্যানেজার।


বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগটি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হওয়ায় প্রাথমিকভাবে ইনামুল মোল্যাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।


তিনি আরও জানান, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ইনামুলকে দল ও দলীয় সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও মন্তব্য করেন তিনি।