বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বআইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা অ্যামনেস্টির

আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা অ্যামনেস্টির

favicon
ভোরের আলো ডেস্ক:
আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা অ্যামনেস্টির

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির কর্মকর্তা এরিকা গুয়েভারা রোসাস এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক বিচারব্যবস্থার ওপর নিন্দনীয় হামলা’ বলে অভিহিত করেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুয়েভারা রোসাস বলেন, আইসিসিকে ভয় দেখানো এবং আন্তর্জাতিক অপরাধের জন্য দায়বদ্ধতা নিশ্চিতের প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্রের ‘ক্রমবর্ধমান প্রচারণার’ অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।


সম্প্রতি আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতের জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপের সমালোচনা করে অ্যামনেস্টির এই কর্মকর্তা বলেন, এটি কোনোভাবেই শুধু ‘সার্বভৌমত্বের প্রশ্ন’ নয়। বরং আন্তর্জাতিক আইনের আওতায় সংঘটিত গুরুতর অপরাধের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া এবং ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহি থেকে রক্ষা করাই এর উদ্দেশ্য।


গুয়েভারা রোসাস বলেন, রাষ্ট্রগুলোর উচিত এ ধরনের পাল্টা ব্যবস্থা অবিলম্বে ও প্রকাশ্যে প্রত্যাখ্যান করা। একই সঙ্গে ভয়ভীতি, চাপ কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই আইসিসি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে আদালতের স্বাধীনতা সুরক্ষিত রাখা প্রয়োজন।


তিনি আরও বলেন, আইসিসির মতো আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানকে চাপ বা প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে দায়িত্ব পালনে বাধা দেওয়া উচিত নয়। গুরুতর আন্তর্জাতিক অপরাধের তদন্ত ও বিচারের ক্ষেত্রে আদালতের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।


আইসিসির ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ইসরায়েল। আদালতের পদক্ষেপকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে এর কোনো আইনি ভিত্তি নেই বলেও দাবি করে দেশটি।