দুই ইরানি কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা ফ্রান্সের
ফ্রান্সে নিযুক্ত দুই ইরানি কূটনীতিককে আগামী কয়েক দিনের মধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্যারিস। গত জুলাইয়ে ইরানে দুই ফরাসি কূটনীতিকের ওপর হামলার ঘটনাকে ‘অসহনীয় অপরাধ’ আখ্যা দিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৯ জুলাই দুই ফরাসি কূটনীতিকের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ফ্রান্সে অবস্থানরত ইরানি শিল্পী, বিজ্ঞানী ও গবেষকদের পাশে দাঁড়ানো এবং মানবাধিকারের পক্ষে ফ্রান্সের অবস্থানের কারণেই তেহরান ওই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বারো আরও বলেন, ২০২৬ সালের জানুয়ারির রক্তক্ষয়ী দমন-পীড়ন ও সামরিক হামলার মধ্যে ইরানের সাধারণ মানুষই চলমান উত্তেজনার সবচেয়ে বড় শিকার হচ্ছেন।
তবে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত একটি তদন্তের সময় ‘বিদেশি হস্তক্ষেপের’ সন্দেহে ওই দুই ফরাসি কূটনীতিকের মুখোমুখি হন ইরানি গোয়েন্দারা। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ফরাসি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি অভিযোগ করেছিলেন, মধ্যপ্রাচ্য ও গাজা সংকটের ক্ষেত্রে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো দ্বিমুখী নীতি ও ভণ্ডামির আশ্রয় নিচ্ছে।
মানবাধিকার, নিরাপত্তা ও পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনাকে কেন্দ্র করে ফ্রান্স ও ইরানের মধ্যকার সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও তীব্র কূটনৈতিক টানাপোড়েনে জড়িয়েছে।