বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বকলকাতার হোটেলে আগুন: নিহত ৯ জনের ৫ জনই বাংলাদেশি

কলকাতার হোটেলে আগুন: নিহত ৯ জনের ৫ জনই বাংলাদেশি

favicon
ভোরের আলো ডেস্ক:
কলকাতার হোটেলে আগুন: নিহত ৯ জনের ৫ জনই বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।


বুধবার (১৯ আগস্ট) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর পাওয়া যায়। বিষয়টি জানার পরপরই বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।


এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। এ ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে।


জানা গেছে, ওই হোটেলে মোট ২৫ জন বাংলাদেশি অবস্থান করছিলেন। নিহত একই পরিবারের চারজন হলেন—দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলি (৬৪)।


নিহত অপর বাংলাদেশি হলেন ঢাকার সাভারের আহমেদ বাবু (৪০)। তার বাড়ি সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়িতে। এ ঘটনায় নিহত ১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা।


নিহত অন্যদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।