বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দিতে ইসির ৯ দফা নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দিতে ইসির ৯ দফা নির্দেশনা

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দিতে ইসির ৯ দফা নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের ভোট প্রদানের জন্য ৯ দফা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সময়, ব্যালট সংগ্রহ, ভোট প্রদান ও ব্যালট জমা দেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে এসব নির্দেশনায় সংসদ সদস্যদের করণীয় তুলে ধরা হয়েছে।


ইসির ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। এ সময় নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহণের কার্যক্রম পরিচালনা করবেন। সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।


নিজ আসনে বসার পর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও নির্বাচনী সংখ্যা সংবলিত ব্যালট সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ব্যালটটি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।


ব্যালটের অভ্যন্তরীণ অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালটটি সংসদ কক্ষের পাশে নির্ধারিত ব্যালট বাক্সে রাখতে হবে।


ভোট দেওয়ার সময় ব্যালট লেখায় কোনো ভুল হলে সেটি ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচনী কর্মকর্তার কাছে নিয়ে যেতে হবে। পরে নির্বাচনী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোট প্রদানের উদ্দেশ্যে সংসদ সদস্যদের বৈঠকে কোনো নির্বাচনী প্রচারণা, বক্তব্য বা প্রস্তাব দেওয়া যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১১(২) বিধি অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।


ভোটদানের সময় কোনো রাজনৈতিক সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া ব্যালট লেখার সময় ভোটারকে অবশ্যই নিজের পূর্ণ নাম লিখতে হবে।


নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।