বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষক এবং অন্যজন প্রশিক্ষণার্থী পাইলট। খবর হিন্দুস্তান টাইমসের।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকালে কানপুরের কাটরি এলাকার নাথুপুরওয়া গ্রামের গঙ্গা ব্যারাজসংলগ্ন একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়।


নিহতরা হলেন—গুজরাটের বাসিন্দা প্রশিক্ষক শচীন ভাটিয়া এবং কর্ণাটকের প্রশিক্ষণার্থী পাইলট অভিষেক পুজারি। কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ কমিশনার জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ শেষে ফেরার পথে এটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


দুই ইঞ্জিনের টেকনাম মডেলের বিমানটি ২০২৩ সালে প্রশিক্ষণের কাজে ওই ফ্লাইট ট্রেনিং স্কুলে যুক্ত করা হয়েছিল। প্রশিক্ষক শচীন ভাটিয়ার প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান, বিমান বিধ্বস্ত হওয়ার বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাঠজুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।


দুর্ঘটনার বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদফতরকে (ডিজিসিএ) জানানো হয়েছে। দুর্ঘটনার কারিগরি কারণ খতিয়ে দেখতে সংস্থাটি তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।