বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াতের আমির শফিকুর রহমান

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াতের আমির শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াতের আমির শফিকুর রহমান

‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি।


ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শফিকুর রহমানের। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ।


সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন, সংস্কার এবং তুরস্কের সঙ্গে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


তুরস্ক সফর শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াতের আমির। সফর শেষে আগামী রোববার (১১ অক্টোবর) সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।