দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টিতে ভারতে বসে আ. লীগের ষড়যন্ত্রের তথ্য আছে: রাশেদ খান
আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খান বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় ছিল। তাঁর অভিযোগ, ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমি দখল এবং মন্দিরে হামলার মতো ঘটনা বেশি ঘটেছে বলেও দাবি করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগ এখন ভারতে বসে দেশের নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে দাবি করে তিনি বলেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে এবং এ কারণে রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
তিনি জানান, সরকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতেও সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খানের অভিযোগ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অটোরিকশা ইস্যুতে রাজনীতি শুরু করেছেন এবং দলটি অটোরিকশাচালকদের আন্দোলনের পেছনে থেকে ইন্ধন দিচ্ছে।