গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলবদ্ধভাবে কয়েকজন হামলাকারী ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর চালায়। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।