বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন দলটির নেতাকর্মীরা। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।


একপর্যায়ে থানার ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালান নেতাকর্মীরা। পরে থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে থানার ভেতরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং থানার বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।


ঘটনার সময় থানার ভেতরে পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি। হামলার পর থানার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান। এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। ওই ঘটনার পর পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।