‘বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না’: তারেক রহমান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে তারা। জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ আর গুম-খুনের রাজনীতি করতে দেবে না।
তিনি বলেন, খুনি ও সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ’ (অনেক হয়েছে, আর না)। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চব্বিশের মতো সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাসী, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে জবাব দিতে হবে—এনাফ ইজ এনাফ।
সরকার যখন সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন ও ডামি নির্বাচন চায় না।
এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেওয়া হবে। এর মাধ্যমে এ অঞ্চলে কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।