বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি

কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি

কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার পর খাদ্যশস্যের ঘাটতিতে থাকা বাংলাদেশ এখন কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পরপর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি। সে সময় দেশে খাদ্যশস্যের ব্যাপক ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বাড়িয়েছে। বর্তমানে দেশে সামগ্রিকভাবে খাদ্যশস্যের ঘাটতি নেই। এ সাফল্যের কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।


প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছে।


সাক্ষাৎকালে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।


এ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।